
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ সোমবার তুরস্কের আন্তালিয়ায় শুরু হতে যাচ্ছে। মার্কিন নেতৃত্বাধীন ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যা বিশ্বের জীবাশ্ম জ্বালানির প্রতি নির্ভরতা আরও স্পষ্ট করেছে।
তুরস্ক জানিয়েছে, তারা কপ৩১-এর এজেন্ডায় বৈদ্যুতিকরণকে কেন্দ্রে রাখবে। এ লক্ষ্যে তারা '৩৫ বাই ৩৫ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ' নামে একটি অ-বাধ্যতামূলক প্রতিশ্রুতি চালু করেছে, যার লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি চাহিদার অন্তত ৩৫ শতাংশ বিদ্যুৎ দ্বারা মেটানো।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ বিদ্যুৎ। তুরস্কের দাবি, '৩৫ বাই ৩৫' নবায়নযোগ্য জ্বালানির দিকে পরিবর্তন ত্বরান্বিত করবে এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করবে।
কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম বৃহস্পতিবার বলেছেন, "এই বছরের জ্বালানি সংকট আমাদের হতবাক করেছে... এখন সবাই বুঝতে পারছে যে, যে জ্বালানি আপনি আমদানি করেন, তা আপনার নিয়ন্ত্রণে থাকে না।" তিনি বলেন, "বৈদ্যুতিকরণই উত্তর। এটি সম্প্রদায়কে অস্থির বৈশ্বিক বাজার থেকে রক্ষা করে এবং নির্গমন হ্রাস করে।" কুরুম বলেন, কপ৩১-এর লক্ষ্য "বিদ্যুতের যুগে প্রবেশ করা"।
সম্মেলনের অগ্রাধিকার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জিরো ওয়েস্ট, মিথেন হ্রাস, জলবায়ু-সহনশীল শহর, সবুজ শিল্পায়ন, শিক্ষা এবং জাতীয় জলবায়ু পরিকল্পনা বাস্তবায়ন।
তবে জলবায়ু কর্মীরা এই প্রতিশ্রুতির সমালোচনা করেছেন। তাদের যুক্তি, এতে অতিরিক্ত বিদ্যুৎ নিম্ন-কার্বন উৎস থেকে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এতে বৈদ্যুতিকরণ একাই জলবায়ু অগ্রগতি হিসেবে গণ্য হবে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশসহ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি জোট জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য আরও স্পষ্ট বৈশ্বিক রোডম্যাপের দাবি জানিয়েছে।
অন্যদিকে সৌদি আরবসহ অনেক তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ যুক্তি দিয়েছে, নির্গমন হ্রাস বা ধরার প্রযুক্তির সঙ্গে মিলিয়ে জীবাশ্ম জ্বালানি বিশ্বের জ্বালানি মিশ্রণের বড় অংশ হতে পারে।
মার্কিন-ইসরায়েলের ইরান যুদ্ধ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত করেছে, যা বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়িয়েছে এবং সরকারগুলোকে বিকল্প উৎসের খোঁজে বাধ্য করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের অস্থিরতা মোকাবিলায় তেল, গ্যাস ও কয়লা উৎপাদন সর্বাধিক করার নীতি উৎসাহিত করেছেন। দক্ষিণ কোরিয়া, ভারত, থাইল্যান্ড এবং অন্যান্য এশীয় দেশ কয়লার ওপর নির্ভরতা বাড়িয়েছে বা কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।
একই সঙ্গে, চীন থেকে সস্তা পরিচ্ছন্ন প্রযুক্তির রপ্তানি বৃদ্ধির কারণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বেড়েছে।