
দীর্ঘ ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান হয়েছে অভিনেত্রী মেঘলা মুক্তার। নিখোঁজ হওয়ার খবর জানানোর পর অবশেষে বাবার সন্ধান পেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বাবাকে ফিরে পাওয়ার খবর নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।
বাবাকে ফিরে পাওয়ার খবর জানিয়ে মেঘলা মুক্তা লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আজ আমরা আমাদের বাবাকে ফিরে পেয়েছি। যারা আমার বাবার জন্য দোয়া করেছেন, ছবি ও পোস্ট শেয়ার করেছেন এবং সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
বাবার সন্ধান পাওয়ার প্রক্রিয়া জানিয়ে তিনি আরও লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় আপনাদের শেয়ার করা বাবার ছবি দেখে একজন সহৃদয় ব্যক্তি তাকে শনাক্ত করে আমাদের ফোনে জানান। পাশাপাশি এসআরবির তৎপরতায় বাবার মোবাইল নম্বর ট্র্যাকিং করে তার সন্ধান পাওয়া যায়।’
দীর্ঘ ৯-১০ ঘণ্টার প্রচেষ্টার পর বাবাকে ফিরে পেলেও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। এ বিষয়ে মেঘলা মুক্তা বলেন, ‘দীর্ঘ ৯-১০ ঘণ্টার অভিযানের পর অবশেষে আমরা বাবাকে ফিরে পাই। বাবা শারীরিকভাবে ভীষণ অসুস্থ। তাকে ফিরে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। সবাই আমার বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।’
প্রসঙ্গত, সোমবার (৯ নভেম্বর) রাত থেকে বাবার কোনো খোঁজ পাচ্ছিলেন না মেঘলা মুক্তা। ওই দিন দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে ফেসবুকে পোস্ট দিয়ে বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান তিনি। এরপর বাবার সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চান অভিনেত্রী।