
বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তারের নেতৃত্বে আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির দল ঘোষণা করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের মেয়েরা ইতোমধ্যে ভেন্যুতে পৌঁছে গেছেন।
তবে মাঠের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো যাচ্ছে না টাইগ্রেসদের। এরই মধ্যে নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। নারী দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান দাবি করেছেন, জাতীয় দলে খেলা ক্রিকেটারদের ফিটনেসে অনেক ঘাটতি রয়েছে।
ঢাকা পোস্টকে সারোয়ার ইমরান বলেছিলেন, "নারী দলের ক্রিকেটারদের ফিটনেসে ঘাটতি রয়েছে। তাদেরকে এটা নিয়ে আমি অনেক সময় সচেতন হতে বলেছি, যে কারণে তারা রাগও করেছে। উল্টো বলেছে আমার ব্যবহার খারাপ। ফিটনেস নিয়ে সবসময় আমি সচেতনতার কথা বলেছিলাম।"
এদিকে নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে এবার আরও কঠোর হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছেলেদের মতো মেয়েদেরও সব ধরনের পরীক্ষা দিয়ে পাস করতে হবে।
ঢাকা পোস্টকে নারী বিভাগের এক কর্মকর্তা বলেছেন, "এখন থেকে ফিটনেসে আরও মনোযোগ দেওয়া হবে। ছেলেরা যেভাবে পাস করে মেয়েদের ক্ষেত্রেও একই। ফিটনেসে যে দুর্বলতা রয়েছে এটার জন্যই এমনটা। টুর্নামেন্টের আগে এখন থেকে ফিটনেস পরীক্ষা হবে।"