
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা শহরে অনুষ্ঠিত একটি হাফ-ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রায় ৩০ জন অংশগ্রহণকারী অসুস্থ হয়ে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।
বিবিসির আমেরিকান সহযোগী সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, প্রতিযোগিতা শেষ হওয়ার পর সান্তা বারবারা কটেজ হাসপাতাল থেকে অস্বাভাবিক উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া প্রতিযোগীদের বিষয়ে একটি রিপোর্ট পায় তারা। বিবৃতিতে আরও বলা হয়, “রিপোর্ট করা উপসর্গের কারণ এখনও নিশ্চিত হয়নি।”
হাসপাতাল পরিচালনাকারী প্রতিষ্ঠান কটেজ হেলথ সিবিএসকে জানায়, দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া ব্যক্তিদের কাছ থেকে “প্রত্যাশার চেয়ে বেশি সংখ্যক জরুরি চিকিৎসার আবেদন” এসেছে। পুলিশ জানিয়েছে, “এই মুহূর্তে জনসাধারণের জন্য নির্দিষ্ট কোনো পদক্ষেপের সুপারিশ করা হচ্ছে না; তবে যারা অসুস্থ বোধ করছেন তারা চিকিৎসা সহায়তা নিন এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের নির্দেশনা অনুসরণ করুন।”
কটেজ হাসপাতাল জানিয়েছে, সান্তা বারবারা এবং পার্শ্ববর্তী গোলেটা শহরের জরুরি বিভাগে হাফ ম্যারাথনের ২৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৪ জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে, আর তিনজন সোমবার পর্যন্ত হাসপাতালে স্থিতিশীল অবস্থায় আছেন।
প্রশান্ত মহাসাগরের তীর ঘেঁষে সান্তা বারবারায় অস্বাভাবিক গরমের দিনে কয়েক হাজার মানুষ হাফ ম্যারাথনে দৌড়েছেন। দুপুর নাগাদ তাপমাত্রা ৮৬ ডিগ্রি ফারেনহাইট (২৭ ডিগ্রি সেলসিয়াস) ছুঁয়েছে, যা নভেম্বরের শুরুতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি; সাধারণত এ সময় তাপমাত্রা ৭০-এর দশকের নিচের দিকে থাকে।
হাসপাতালে যাওয়া এক দৌড়বিদ স্থানীয় সংবাদমাধ্যম কেটওয়াইটি-টিভিকে বলেন, তিনি অচেতন হয়ে পড়েছিলেন এবং প্রতিযোগিতার কিছু অংশ মনে করতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দৌড়বিদ বলেন, “এটি অত্যন্ত সন্দেহজনক। আমরা শুনেছি অনেকে হ্যালুসিনেশনের কথা বলছেন।” তিনি আরও বলেন, “আমি তাপজনিত ক্লান্তি সম্পর্কে খুব বেশি জানি না, তবে কাউকে দৌড়ের দীর্ঘ অংশ মনে করতে না পারতে আমি আগে দেখিনি।”
ইভেন্ট পরিচালক ডেভিড মনিকো মার্কিন গণমাধ্যমকে জানান, পানিশূন্যতা ও অতিরিক্ত গরমের কারণে ১৫ জনকে মেডিকেল টেন্ট থেকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
বিবিসি সান্তা বারবারা পুলিশ বিভাগ, কটেজ হেলথ এবং হাফ ম্যারাথনের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছে মন্তব্যের জন্য।