
ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের মধ্যে ‘টাকা ছাড়া কাজ হয় না’ এমন নেতিবাচক ধারণা দীর্ঘদিনের। জমির নামজারি, খতিয়ান, নিবন্ধন কিংবা অধিগ্রহণের ক্ষতিপূরণ—প্রায় প্রতিটি ক্ষেত্রেই হয়রানি, অনিয়ম ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগ উঠে এসেছে জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও। ভূমি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মানুষের এই নেতিবাচক ধারণা বদলাতে বিভাগটিকে দুর্নীতিমুক্ত করার তাগিদ দিয়েছেন সংসদ সদস্যরা।
শুধু দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য নয়, এসিল্যান্ড, ভূমি অধিগ্রহণ (এলএ) ও কানুনগো অফিসে দালালচক্রের হয়রানি বন্ধ, জনবল সংকট দূর, ডিজিটাল নজরদারি জোরদার এবং ভূমিসেবা এক ছাতার নিচে আনার মতো একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশও এসেছে বৈঠকে। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল ভূমি জরিপ শেষ করার তাগিদ দিয়েছেন তারা। পাশাপাশি অর্পিত সম্পত্তি-সংক্রান্ত আপিলের সময়সীমা বাড়ানো, সিটি করপোরেশন ও পৌরসভার আওতাধীন গ্রামীণ ও কৃষিজমি বিক্রির ক্ষেত্রে গেইন ট্যাক্স পুনর্বিবেচনা এবং ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণে একটি সমন্বিত একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাবও এসেছে।
গত ০৮ নভেম্বর ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্যরা, ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অধীন দপ্তর-সংস্থার প্রধান এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে ছিলেন রাজশাহী-২ আসনের মো. মিজানুর রহমান মিনু, চট্টগ্রাম-৫ আসনের মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ফেনী-২ আসনের জয়নাল আবদিন, জামালপুর-৫ আসনের শাহ মো. ওয়ারেছ আলী মামুন, চট্টগ্রাম-৮ আসনের এরশাদ উল্লাহ এবং রংপুর-৩ আসনের মো. মাহবুর রহমান (বেলাল)। এছাড়া সংরক্ষিত নারী আসনের সদস্য মিক সুলতানা আহমেদ এবং ময়মনসিংহ-২ আসনের এমপি মুহাম্মদুল্লাহ উপস্থিত ছিলেন।
বৈঠকে ভূমি বিভাগের মাঠপর্যায়ের সেবা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। বিশেষ করে এসিল্যান্ড, সাব-রেজিস্ট্রার ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের নিয়ে মানুষের মধ্যে এমন একটি ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে ‘টাকা ছাড়া কাজ হয় না’। এই নেতিবাচক ধারণা পরিবর্তন করতে হলে প্রথমেই ভূমি বিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে বলে মত দেন তিনি। এ ক্ষেত্রে দ্রুত ও কার্যকর নীতিগত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মাঠপর্যায়ে জনবল সংকটের বিষয়টিও তুলে ধরে তিনি বলেন, প্রয়োজনীয় জনবল না থাকলে সেবা কার্যক্রমে অনিয়ম ও দীর্ঘসূত্রতা বাড়ে। দুর্নীতি প্রতিরোধ এবং দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করতে নতুন জনবল নিয়োগ বা পদায়নের মাধ্যমে এই সংকট দ্রুত সমাধান করা প্রয়োজন।
ভূমিহীন মানুষের জন্য গুচ্ছগ্রাম প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তার মতে, অতীতে ভূমিহীনদের জন্য নির্মিত কিছু ঘরে বসবাসের উপযোগিতা ও অন্যান্য সমস্যা ছিল। কোনো কোনো ক্ষেত্রে ঘর নির্মাণের মানও সন্তোষজনক ছিল না। ভবিষ্যতে এ ধরনের প্রকল্প নেওয়ার আগে সম্ভাব্য সমস্যা, বসবাসের পরিবেশ ও প্রকৃত উপকারভোগীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিকল্পনা করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে নির্মাণকাজের মান নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের উপস্থাপনায় জানানো হয়, ডিজিটাল অটোমেশনের ফলে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার পাশাপাশি মাঠপর্যায়ে সেবা ও মনিটরিং জোরদার করা হচ্ছে। নাগরিকদের ভূমিসেবা-সংক্রান্ত অভিযোগ অনলাইনে দাখিলের ব্যবস্থাও করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে জিপিএস ট্র্যাকিং এবং সফটওয়্যারভিত্তিক হাজিরা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। সফটওয়্যার পরিচালনায় সমস্যা দ্রুত সমাধান এবং ভেন্ডর-নির্ভরতা কমাতে নিজস্ব আইটি টিম গঠনের উদ্যোগের কথাও জানানো হয়।
জমির নিবন্ধন ও নামজারি কার্যক্রম আলাদা ব্যবস্থায় পরিচালিত হওয়ায় সাধারণ মানুষকে একাধিক দপ্তরে যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তিও বাড়ে। এই পরিস্থিতি পরিবর্তনে জমি নিবন্ধন, নামজারি ও ভূমি উন্নয়ন করসংক্রান্ত সেবা সমন্বিত ব্যবস্থার আওতায় আনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে আলোচনায় অংশ নিয়ে এক সংসদ সদস্য প্রশ্ন তোলেন, সিটি করপোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন জমির ক্ষেত্রে ভূমি বিভাগের কার্যক্রম ও এখতিয়ার কীভাবে পরিচালিত হচ্ছে। জমি হস্তান্তর ও নিবন্ধনের সঙ্গে ভূমি বিভাগের কার্যক্রমের সমন্বয় নিয়েও তিনি জানতে চান।
তিনি উল্লেখ করেন, দেশের অধিকাংশ জমির নিবন্ধন কার্যক্রম ভূমি বিভাগের বাইরে পৃথক ব্যবস্থায় পরিচালিত হওয়ায় সমন্বয়ের ঘাটতি তৈরি হচ্ছে। নিবন্ধন কার্যক্রম কীভাবে ভূমি বিভাগের সেবার সঙ্গে সমন্বিত করা যায়, তা নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনার প্রস্তাব দেন তিনি।
বৈঠকে এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সমন্বিত সেবা চালুর সম্ভাবনা ও প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরা হয়। ভূমি সেবাকে এক ছাতার নিচে আনতে আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তার কথা জানানো হয়। কার্যবিবরণীতে বলা হয়েছে, এ বিষয়ে অর্থমন্ত্রীর পক্ষ থেকে একটি কমিটি গঠনের কথাও উল্লেখ করা হয়েছে।
খাসজমি ও অর্পিত সম্পত্তি স্বল্পমূল্যে ইজারা দেওয়ার বিষয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। এক সংসদ সদস্য বলেন, এসব জমি কম মূল্যে ইজারা দেওয়ার ফলে সরকার প্রত্যাশিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একই ব্যক্তি বা গোষ্ঠী স্বল্পমূল্যে ইজারা নিয়ে দীর্ঘদিন জমি ভোগ করার সুযোগ পাচ্ছে। স্বাভাবিক নিয়মে বাজারমূল্য বা যথাযথ মূল্যায়নের ভিত্তিতে এসব জমি ইজারা কিংবা বিক্রির ব্যবস্থা করা হলে সরকার অনেক বেশি রাজস্ব পেতে পারে।
এ বিষয়ে সরকারের রাজস্ব স্বার্থ বিবেচনায় নিয়ে খাসজমি ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা পুনর্বিবেচনার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি ডিজিটাল ভূমি জরিপ দ্রুত শেষ করতে দেশের সব জমির তথ্য সংগ্রহ, ডাটা এন্ট্রি ও তথ্য যাচাইয়ের কাজ নির্ভুলভাবে সম্পন্ন করার তাগিদ দেন।
অর্পিত সম্পত্তি-সংক্রান্ত মামলার ক্ষেত্রেও নতুন করে আলোচনা হয়। সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, আগে প্রণীত বিভিন্ন আইন জনবান্ধব কি না, তা পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী সংশোধন করা দরকার। অর্পিত সম্পত্তির বিষয়ে আপিল করার সময়সীমা বাড়িয়ে ক্ষতিগ্রস্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আবেদনের সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি। বৈঠকের সুপারিশে অর্পিত সম্পত্তির আপিলের সময়সীমা বাড়ানো এবং ভুক্তভোগীদের আবেদনের সুযোগ দেওয়ার বিষয়টি আইনি দিক থেকে পর্যালোচনার কথা বলা হয়েছে।
সিটি করপোরেশন ও পৌরসভার অন্তর্ভুক্ত গ্রামীণ এবং কৃষিজমি বিক্রির ক্ষেত্রে গেইন ট্যাক্সের বিষয়টিও আলোচনায় আসে। সংসদ সদস্য মো. মাহবুর রহমান (বেলাল) বলেন, নতুন করে সিটি করপোরেশনের আওতায় যুক্ত হওয়া গ্রামীণ এলাকার কৃষিজমি বিক্রির ক্ষেত্রে করের বিষয়টি সাধারণ মানুষের জন্য চাপ তৈরি করছে। এ কারণে নতুন গঠিত সিটি করপোরেশন এবং কৃষিপ্রধান এলাকার জমি হস্তান্তরের ক্ষেত্রে গেইন ট্যাক্স পুনর্মূল্যায়নের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ভূমি রেকর্ড, নামজারি, অর্পিত সম্পত্তি ও খাসজমি বণ্টন নিয়ে নানা ধরনের সমস্যা রয়েছে। এসব জটিল বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে বিশেষ বৈঠক করে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বৈঠকের সুপারিশে সিটি করপোরেশন ও পৌরসভার অন্তর্ভুক্ত গ্রামীণ এবং কৃষিজমি হস্তান্তরের ক্ষেত্রে গেইন ট্যাক্স শিথিলের বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে পরবর্তী আলোচনা করার কথা বলা হয়েছে।
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে দীর্ঘসূত্রতা এবং মাঠপর্যায়ের দুর্নীতির বিষয়ও বৈঠকে উঠে আসে। সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণসংক্রান্ত জটিলতার কারণে অনেক উন্নয়ন প্রকল্পের কাজ থমকে রয়েছে। ক্ষতিপূরণ বিতরণে হয়রানি ও অনিয়মের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে এসিল্যান্ড অফিস ও ভূমি অধিগ্রহণ (এলএ) অফিসে দালালচক্রের হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
কমিটির সুপারিশেও এসিল্যান্ড, এলএ ও কানুনগো অফিসে দালালমুক্ত সেবা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। মাঠপর্যায়ে তদারকি জোরদার করে সাধারণ মানুষের সরাসরি সেবা পাওয়ার পরিবেশ তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সমস্যা সমাধানে ডিজিটাল জরিপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংসদীয় কমিটি। বৈঠকে আগামী দুই বছরের মধ্যে ডিজিটাল জরিপ সম্পন্ন করা এবং দেশের সব খতিয়ান প্রস্তুত ও তথ্য এন্ট্রির কাজ নির্ভুলভাবে শেষ করার বিষয়ে আলোচনা হয়। ভূমি মন্ত্রণালয়ের উপস্থাপনায় জানানো হয়, দক্ষিণ কোরিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় ডিজিটাল জরিপ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।