
সংগীতশিল্পী জয় শাহরিয়ারের পঞ্চম স্টুডিও অ্যালবাম 'বোকা' প্রকাশিত হয়েছে। শুধু ডিজিটাল প্ল্যাটফর্মেই নয়, অ্যালবামটি পাওয়া যাচ্ছে ক্যাসেট ও সিডিতেও। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে অ্যালবামটি প্রকাশ করা হয়।
অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি হামিন আহমেদ এবং শিল্পীর মা শাহরিয়া আখতার বুলু। সাত বছর পর নতুন অ্যালবাম নিয়ে দারুণ উচ্ছ্বসিত জয় শাহরিয়ার। তিনি বলেন, 'প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। আমার নিজের মতো গানই করেছি, আশা করি আমার শ্রোতাদের ভালো লাগবে।'
ডিজিটাল যুগে সিডি ও ক্যাসেট কেন—এমন প্রশ্নের জবাবে শিল্পী বলেন, 'ডিজিটাল যুগে সিডি-ক্যাসেটসহ অ্যালবাম এই প্রজন্মকে ফিজিকাল অ্যালবামের সাথে পরিচিত করবে, সেই প্রত্যাশা থেকে করেছি। বিশ্বের নানা দেশে গত কয়েক বছরে সিডি, ভাইনালের প্রসার বেড়েছে। আমি নিশ্চিত আমাদের দেশেও তা আবার শুরু হবে।'
'বোকা' অ্যালবামে মোট ৮টি গান রয়েছে। সব গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন জয় শাহরিয়ার। অ্যালবামটি বিশ্বজুড়ে স্পটিফাই, আইটিউন্স, অ্যামাজন, ডিজার, স্বাধীনসহ সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে। অ্যালবামটি প্রকাশ করেছে আজব রেকর্ডস। টিশার্ট এনেছে এন স্টোরিজ এবং প্রকাশনা অনুষ্ঠানের আয়োজনে ছিল আজব কারখানা।