
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নগরের জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখা।
চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সিআইপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের সহসাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী। এতে আরও বক্তব্য দেন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি চট্টগ্রাম মহানগরের সংগঠক হাসান মাহমুদ গাদ্দাফী, জাকারিয়া বিন সাঈদ ও হাসিনা বেগম এবং জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্যসচিব রাতুল খানসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডেরও তীব্র নিন্দা জানান তারা।
বক্তারা এসব পরিস্থিতির বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।