Deleted
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদে পাস হলো পাবলিক প্রকিউরমেন্ট সংশোধনী ও বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল

সরকারি ক্রয় ব্যবস্থায় দেশীয় পণ্য, নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার বিধান যুক্ত করে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। একই দিনে বগুড়া ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ ও অবকাঠামো উন্নয়নে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ নামের আরও একটি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে বিল দুটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি ক্রয়সংক্রান্ত বিলটি এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন।

নতুন পাস হওয়া পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইনে সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়ানো এবং নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা ও সুবিধাবঞ্চিত দরদাতাদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে দেশীয় পণ্য ও শিল্পের সুরক্ষায় সরকারি ক্রয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এমনকি সরকার প্রয়োজনে নির্দিষ্ট কিছু পণ্য দেশ থেকে কেনা বাধ্যতামূলকও করতে পারবে বলে আইনে উল্লেখ করা হয়েছে।

এই আইনে দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় শর্ত আরোপের সুযোগ সীমিত করা হয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক লেনদেন কিংবা আগে সরকারি কাজ করার অভিজ্ঞতার মতো শর্তগুলো এখন থেকে আর সাধারণভাবে দরপত্রে অংশগ্রহণের বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তবে কোনো ক্রয়ের ধরন ও জটিলতার কারণে বিশেষ ক্ষেত্রে এসব শর্ত প্রয়োজন হলে তা আরোপ করার সুযোগ রাখা হয়েছে।

আইনটিতে সীমিত দরপত্র পদ্ধতির পরিধি বাড়ানোর পাশাপাশি সরকারি ক্রয়ের জন্য নতুন কিছু পদ্ধতিও যুক্ত করা হয়েছে। বিদেশি দরদাতাদের অংশগ্রহণের ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের বিধান রাখা হয়েছে, যেখানে বিধি অনুযায়ী ন্যূনতম দেশীয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবে বিশেষ ধরনের ক্রয়ের ক্ষেত্রে সরকার এ শর্ত শিথিল করতে পারবে। পাশাপাশি দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াতেও বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কারিগরি ও আর্থিক প্রস্তাব আলাদাভাবে জমা দিতে হবে এবং কেবল কারিগরি মূল্যায়নে উত্তীর্ণ দরদাতাদের আর্থিক প্রস্তাবই খোলা হবে। নির্দিষ্ট সীমার বেশি মূল্যের ক্রয়ের ক্ষেত্রে শুধু সর্বনিম্ন দর বিবেচনা না করে কারিগরি মান ও টেকসই ব্যবস্থাকেও মূল্যায়নের আওতায় আনা হবে। এ ছাড়া কোনো দরদাতা অস্বাভাবিক কম দর প্রস্তাব করলে তা আলাদাভাবে পরীক্ষা করার বিধানও যুক্ত করা হয়েছে।

বিলটির উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে জানানো হয়েছে, ২০০৬ সালের ৬ জুলাই মূল পাবলিক প্রকিউরমেন্ট আইন প্রণয়ন করা হয় এবং ২০২৬ সাল পর্যন্ত আইনটি মোট ছয়বার সংশোধন করা হয়েছে। সরকারি ক্রয়ে বৈষম্য দূর করা, উন্মুক্ত প্রতিযোগিতা ও সমান অধিকার নিশ্চিত করা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায্যতা ও দক্ষতা বাড়ানো এবং দেশীয় স্বার্থ সংরক্ষণের লক্ষ্যেই এই নতুন সংশোধনী আনা হয়েছে।

অন্যদিকে, বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিধান রেখে পাস হয়েছে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’। অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নই এই কর্তৃপক্ষ গঠনের মূল লক্ষ্য।

বিলের বিধান অনুযায়ী, বগুড়া ও এর আশপাশের এলাকার উন্নয়ন কার্যক্রম সমন্বয় এবং কার্যকর নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় একটি স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে, যার মাধ্যমে সব উন্নয়ন কার্যক্রম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আসবে। বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বগুড়া ও সন্নিহিত এলাকার উন্নয়নকে পরিকল্পিত ধারায় পরিচালনা করতে আধুনিক অবকাঠামো গড়ে তোলা ও অপরিকল্পিত নগরায়ণ ঠেকানো জরুরি। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশের মাধ্যমে অঞ্চলটির অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যও এতে নির্ধারণ করা হয়েছে।

বিলটি পাসের প্রস্তাব উত্থাপনের সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, বগুড়া ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত, সমন্বিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতেই এ কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আদলে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে ওই অঞ্চলের নগর উন্নয়ন ও ব্যবস্থাপনায় একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

2

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

3

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

4

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

5

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

6

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

7

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

8

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

9

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

10

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

11

পাঁচবিবিতে অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা, ভ্যান নিয়ে পালিয়েছে

12

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

13

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

14

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

15

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

18

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

19

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

20