দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পাবনা-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। এ খবরে জেলার সর্বস্তরের মানুষ উচ্ছ্বসিত। তাদের প্রত্যাশা, নতুন এই রেল যোগাযোগ চালুর ফলে যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চালু ছিল জেলার লাখো মানুষের দীর্ঘদিনের দাবি। নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে সেই প্রত্যাশা বাস্তবায়িত হতে যাচ্ছে। গত ৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের প্রস্তাব অনুমোদন করে রেলপথ মন্ত্রণালয় এবং এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই রেলসেবার নামকরণ করা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।
আগামীকাল ১৯ নভেম্বর বিকেল ৩টায় পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ ছাড়া উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আলী আসগার এমপি ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।
অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
১২টি কোচ নিয়ে চলাচল করবে ট্রেন দুটি। যাত্রাপথে উভয় দিকেই দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি থাকবে। এসব ভাড়ার সঙ্গে সহজের সার্ভিস চার্জ হিসেবে আরও ২০ টাকা যোগ হবে।
পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশনে নতুন ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর থেকেই এই রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। এ উপলক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই রেল যোগাযোগ চালু হলে পাবনাবাসীর যাতায়াতের সুবিধা বাড়ার পাশাপাশি জেলার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। সড়কপথের যানজট ও যাত্রার অনিশ্চয়তা এড়িয়ে সাধারণ মানুষ তুলনামূলক স্বস্তিদায়ক রেলযাত্রার সুযোগ পাবেন।
পাবনা স্টেশন এলাকার বাসিন্দা মোছা. আসমা আক্তার বলেন, আগামীকাল আমাদের বহুল প্রত্যাশিত ট্রেন উদ্বোধন হবে, আমরা খুবই আনন্দিত। বাচ্চাকাচ্চা নিয়ে ঢাকায় এখন আরামদায়কভাবে যেতে পারব। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
পাবনা স্টেশন ইনচার্জ আমজাদ হোসেন বলেন, আগামীকাল আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে, আমি খুবই আনন্দিত। আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এই ট্রেন চালুর মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। এটি পাবনার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা ছিল। সেই দাবি বাস্তবায়নে তিনি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কাজ করেছেন। অবশেষে ট্রেন চালুর অপেক্ষা শেষ হতে যাচ্ছে। বর্তমান সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর।
উল্লেখ্য, পাবনার সঙ্গে রেল যোগাযোগের ইতিহাস শতবর্ষেরও বেশি পুরোনো। ১৯১৫ সালে হার্ডিঞ্জ ব্রিজ চালুর মধ্য দিয়ে এ অঞ্চলে রেল যোগাযোগের বিস্তার ঘটে। পরে ১৯৯৮ সালে যমুনা সেতু চালুর পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হয়। তবে দীর্ঘ সময় ধরে পাবনা জেলা সদর রাজধানীর সঙ্গে সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগের বাইরে ছিল। ফলে ঢাকায় যাতায়াতের জন্য জেলার মানুষকে বাস কিংবা অন্য রুটের ট্রেনের ওপর নির্ভর করতে হতো।