Deleted
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

চলতি বছর সুপার এল নিনোর প্রভাবে আগামী আট মাসে বিশ্বজুড়ে প্রায় সাড়ে চার লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা সংস্থা সিআইএল। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত চরম তাপপ্রবাহের দিনের সংখ্যা প্রায় ৪৪ শতাংশ বাড়তে পারে। গবেষকেরা বিশ্বের ২৪ হাজার ৩৭৮টি অঞ্চলে তাপমাত্রা ও অতিরিক্ত মৃত্যুর সম্পর্ক বিশ্লেষণ করে এই পূর্বাভাস তৈরি করেছেন। এতে স্থানীয় জলবায়ু পরিস্থিতি ও মানুষের ঝুঁকিপূর্ণ অবস্থাকেও বিবেচনায় নেওয়া হয়েছে।

এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ু পরিস্থিতি। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত, তাপমাত্রা ও আবহাওয়ার ধরনে বড় পরিবর্তন আসতে পারে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কয়েক মাস ধরে ২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বাড়লে সেটিকে ‘সুপার এল নিনো’ বলা হয়।

বর্তমান এল নিনো ইতোমধ্যে অত্যন্ত শক্তিশালী পর্যায়ে পৌঁছেছে এবং বছরের শেষ দিকে আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের পূর্বাভাসেও বছরের শেষ নাগাদ শক্তিশালী এল নিনো অব্যাহত থাকার কথা বলা হয়েছে।

গবেষকদের মতে, এল নিনোর সঙ্গে মানুষের কর্মকাণ্ডজনিত বৈশ্বিক উষ্ণায়ন যুক্ত হওয়ায় এর প্রভাব আরও তীব্র হতে পারে। উচ্চ তাপমাত্রা শুধু তাপজনিত মৃত্যুর ঝুঁকি বাড়ায় না, বরং খরা, দাবানল ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনাকেও প্রভাবিত করতে পারে।

জলবায়ু বিশেষজ্ঞদের মতে, এল নিনো একটি প্রাকৃতিক ঘটনা হলেও জলবায়ু পরিবর্তনের কারণে এর প্রভাব আরও গুরুতর হয়ে উঠছে। ইমপেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানী ফ্রিডেরিকে অটোও সতর্ক করেছেন, জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত গ্যাসের কারণে বাড়তে থাকা বৈশ্বিক তাপমাত্রা এল নিনোর প্রভাবকে আরও তীব্র করতে পারে।

সিআইএলের পূর্বাভাস অনুযায়ী, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোই অতিরিক্ত তাপজনিত মৃত্যুর সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। নাইজেরিয়ায় প্রায় ৩১ হাজার ৪০০, ইন্দোনেশিয়ায় ১৯ হাজার ৩০০ এবং সুদানে ১৭ হাজার ৬০০ অতিরিক্ত তাপজনিত মৃত্যুর পূর্বাভাস দেওয়া হয়েছে।

আফ্রিকার সাহেল অঞ্চলের নাইজেরিয়া, সুদান, নাইজার ও চাদে মিলিয়ে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা প্রায় ৬৬ হাজার ৮০০ হতে পারে। ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় সম্মিলিতভাবে প্রায় ১৯ হাজার ৪০০ অতিরিক্ত মৃত্যুর পূর্বাভাস রয়েছে। ভারত ও পাকিস্তানও পরবর্তী সময়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, বিশেষ করে উত্তর গোলার্ধের গ্রীষ্মকালে।

গবেষকেরা যে ৪ লাখ ৫১ হাজার মৃত্যুর কথা বলেছেন, সেটি একটি পূর্বাভাস- নিশ্চিত সংখ্যা নয়। কিছু বিশেষজ্ঞও এই হিসাবের আঞ্চলিক বণ্টন নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন। ফলে বাস্তবে মৃত্যুর সংখ্যা কম বা বেশি হতে পারে।

তবে গবেষকদের মতে, এই পূর্বাভাসের উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি করা নয়; বরং যেসব এলাকায় তীব্র তাপের ঝুঁকি বেশি, সেখানে আগাম ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করা। তাপপ্রবাহের সতর্কবার্তা জারি, হাসপাতালগুলোতে অতিরিক্ত জনবল প্রস্তুত রাখা, শীতল আশ্রয়কেন্দ্র স্থাপন এবং বাইরে কাজ করা মানুষের সুরক্ষা নিশ্চিত করার মতো পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

গবেষকদের ভাষ্য, এখনই যথাযথ জরুরি ব্যবস্থা নেওয়া গেলে আগামী মাসগুলোতে বিপুলসংখ্যক মানুষের জীবন রক্ষা করা সম্ভব হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

6

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

7

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

8

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

9

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

10

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

11

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

12

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

13

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

16

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

17

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

18

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনী যো

19

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

20