Deleted
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হার্ট অ্যাটাক ঠেকাতে ব্যর্থ নোভার্টিস ও নোভো নরডিস্কের ওষুধ

হৃদরোগ প্রতিরোধে নতুন ওষুধের কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। নোভার্টিসের পরীক্ষামূলক ওষুধ পেলাকারসেন এবং নোভো নরডিস্কের প্রদাহনাশক ওষুধ জিলটিভেকিমাব—দুটিই হার্ট অ্যাটাক, স্ট্রোক ও মৃত্যুর ঝুঁকি কমাতে ব্যর্থ হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের শিকাগোতে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) সম্মেলনে এ গবেষণার ফল উপস্থাপন করা হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নোভার্টিসের পেলাকারসেন ওষুধটি হৃদরোগের জিনগত ঝুঁকির সঙ্গে সম্পর্কিত লিপোপ্রোটিন (এ) বা এলপি(এ)-এর মাত্রা কমাতে তৈরি করা হয়েছিল। গবেষণায় দেখা গেছে, মাসে একবার পেলাকারসেন প্রয়োগে এলপি(এ)-এর মাত্রা ৭৮ শতাংশ কমেছে। তবে প্রায় পাঁচ বছর ধরে ওষুধটি ব্যবহারের পরও দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমেনি। স্ট্রোক কিংবা ধমনিতে রক্ত চলাচল স্বাভাবিক করতে জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তার ক্ষেত্রেও উল্লেখযোগ্য কোনো প্রভাব দেখা যায়নি।

৮ হাজার ৩০০-এর বেশি রোগীকে নিয়ে পরিচালিত এ গবেষণার ফল উপস্থাপন করেন ক্লিভল্যান্ড ক্লিনিকের চিকিৎসক স্টিভেন নিসেন। তিনি বলেন, ‘বিশ্বের সবাই, আমিও ভেবেছিলাম ওষুধটি কার্যকর হবে।’ তবে ফলাফলে কোনো সুফল না পাওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ওষুধটি কার্যত কোনো প্রভাবই ফেলেনি।

গত সেপ্টেম্বরে নোভার্টিস ও ওষুধটির সহ-উন্নয়নকারী প্রতিষ্ঠান আয়োনিস ফার্মাসিউটিক্যালস জানিয়েছিল, পেলাকারসেন গবেষণার প্রধান লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। তবে ওষুধটি অন্য কোনো ক্ষেত্রে উপকার করে কি না, তা জানতে গবেষক ও বিনিয়োগকারীরা বিস্তারিত ফলের অপেক্ষায় ছিলেন।

অন্যদিকে, নোভো নরডিস্কের জিলটিভেকিমাব নামের প্রদাহনাশক ওষুধের পরীক্ষাতেও হতাশাজনক ফল পাওয়া গেছে। ওষুধটি হৃদরোগীদের শরীরের প্রদাহ কমাতে সক্ষম হলেও মৃত্যু, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে পারেনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ব্রিগহাম অ্যান্ড উইমেনস হাসপাতালের চিকিৎসক পল রিডকার শনিবার (৭ নভেম্বর) এ গবেষণার ফল উপস্থাপন করেন।

জিলটিভেকিমাব উচ্চ ঝুঁকিতে থাকা হৃদরোগীদের শরীরের প্রদাহ কমাতে তৈরি করা হয়েছিল। বিশেষ করে প্রদাহ সৃষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ইন্টারলিউকিন-৬ (আইএল-৬)-এর কার্যক্রম নিষ্ক্রিয় করাই ছিল এর লক্ষ্য। হৃদরোগ, কিডনির জটিলতা এবং শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ রয়েছে এমন ৬ হাজার ৩০০ রোগীকে নিয়ে গবেষণাটি পরিচালিত হয়।

গত জুলাইয়ে নোভো নরডিস্ক জানায়, ওষুধটি প্রদাহ কমাতে পারলেও প্লাসিবোর তুলনায় মৃত্যু, হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি কমাতে পারেনি। এ ফল ওষুধ বিশেষজ্ঞদের অনেককে বিস্মিত করে। ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় ব্যবহৃত জিএলপি-১ শ্রেণির ওষুধের জন্য পরিচিত নোভো নরডিস্কের হৃদরোগের চিকিৎসায় ব্যবসা সম্প্রসারণের আশাও এতে ধাক্কা খায়।

এরপর গত ৭ সেপ্টেম্বর একটি স্বাধীন তথ্য পর্যবেক্ষণ কমিটির সুপারিশে জিলটিভেকিমাব নিয়ে আরও দুটি শেষ পর্যায়ের গবেষণা বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। ওই কমিটির মূল্যায়ন ছিল, হৃদযন্ত্রের অকার্যকারিতা ও প্রদাহে আক্রান্ত রোগীদের নিয়ে পরিচালিত গবেষণা দুটি সফল হওয়ার সম্ভাবনা কম।

বর্তমানে রক্তে এলপি(এ)-এর মাত্রা বেশি থাকা রোগীদের জন্য নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এটি হৃদরোগের একটি জিনগত ঝুঁকির কারণ। ধারণা করা হয়, বিশ্বের প্রায় ২০ শতাংশ মানুষের শরীরে এলপি(এ)-এর মাত্রা বেশি। তবে তাদের মধ্যে খুব কম মানুষই বিষয়টি জানেন।

গবেষকদের ধারণা ছিল, এলপি(এ)-এর মাত্রা কমানো গেলে কোলেস্টেরল কমানোর ওষুধ স্ট্যাটিনের মতোই হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব হবে। স্ট্যাটিন রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

পেলাকারসেনের গবেষণায় অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করা হয়। এক দলকে প্রতি মাসে ৭০ মিলিগ্রাম পেলাকারসেন এবং অন্য দলকে ওষুধের পরিবর্তে প্লাসিবো দেওয়া হয়। গড়ে ৪ দশমিক ৭ বছর তাদের পর্যবেক্ষণে রাখা হয়। অংশগ্রহণকারীদের সবারই আগে বড় ধরনের কোনো হৃদরোগজনিত ঘটনা, যেমন হার্ট অ্যাটাকের অভিজ্ঞতা ছিল। পাশাপাশি তাদের রক্তে এলডিএল কোলেস্টেরল ও রক্তচাপের মতো অন্যান্য ঝুঁকিও নিয়ন্ত্রণে রাখা হয়েছিল।

এরপরও ওষুধটি উল্লেখযোগ্য কোনো সুফল দিতে পারেনি। বরং পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে পেলাকারসেন গ্রহণকারী ২০ দশমিক ৬ শতাংশ রোগী ওষুধ নেওয়া বন্ধ করে দেন। প্লাসিবো গ্রহণকারীদের ক্ষেত্রে এ হার ছিল ৭ দশমিক ৫ শতাংশ।

গবেষণার ফল নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এভিডেন্সে প্রকাশিত পৃথক পরিসংখ্যানগত বিশ্লেষণেও ওষুধটির কার্যকারিতার প্রমাণ পাওয়া যায়নি। ওই বিশ্লেষণে যেসব রোগীর শরীরে প্রথম তিন মাসে গড়ের চেয়ে বেশি এলপি(এ) কমেছিল, তাদের তথ্যও পর্যালোচনা করা হয়। গবেষণা থেকে বাদ না পড়া রোগীদের তথ্য বিশ্লেষণ করেও কোনো সুফল মেলেনি।

তবে বোস্টন বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিশেষজ্ঞ ডোনাল্ড লয়েড-জোনস মনে করেন, আরও বিস্তৃত গবেষণার ফল না পাওয়া পর্যন্ত এলপি(এ)-কে হৃদরোগের কারণ বা চিকিৎসার লক্ষ্য হিসেবে বাতিল করা উচিত হবে না।

পেলাকারসেন এমন এক ধরনের ওষুধ, যাকে বলা হয় অ্যান্টিসেন্স অলিগোনিউক্লিওটাইডস বা এএসও। ত্রুটিপূর্ণ জিন থেকে তৈরি হওয়া প্রোটিনের উৎপাদন কমিয়ে কাজ করে এ ধরনের ওষুধ।

এলপি(এ)-এর মাত্রা কমানোর জন্য আরও কয়েকটি পরীক্ষামূলক ওষুধ তৈরি করা হচ্ছে। এর মধ্যে অ্যামজেনের ওলপাসিরান এবং এলি লিলির লেপোডিসিরান উল্লেখযোগ্য। এগুলো স্মল ইন্টারফেরিং আরএনএ বা সিআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি। গবেষণায় দেখা গেছে, ওষুধ দুটি এলপি(এ)-এর মাত্রা প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত কমাতে পারে।

পেলাকারসেনের গবেষণায় নেতৃত্ব দেওয়া চিকিৎসক স্টিভেন নিসেনের মতে, এলপি(এ) যে হৃদরোগের অন্যতম বড় কারণ, তার পক্ষে এখনো যথেষ্ট প্রমাণ রয়েছে। তার ধারণা, বিভিন্ন ওষুধের কার্যপদ্ধতি ও গবেষণায় অংশ নেওয়া রোগীদের মধ্যে পার্থক্যের কারণে ভবিষ্যতের পরীক্ষায় ভিন্ন ফল আসতে পারে।

তিনি জানান, পেলাকারসেনের গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের সবারই আগে বড় ধরনের হৃদরোগজনিত ঘটনা ঘটেছিল। অন্যদিকে এলি লিলি ও অ্যামজেনের গবেষণায় এমন অনেক রোগী রয়েছেন, যাদের আগে কখনো হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়নি।

নিসেন আরও বলেন, সিআরএনএ প্রযুক্তিতে তৈরি ওষুধগুলো তুলনামূলকভাবে ভালোভাবে সহনীয় এবং কার্যকারিতার দিক থেকেও এগিয়ে। তবে এতে রোগীদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত ফল ভালো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

অ্যামজেনের তৃতীয় পর্যায়ের গবেষণার ফল ২০২৮ সালের শুরুর দিকে এবং এলি লিলির গবেষণার ফল ২০২৯ সালে প্রকাশিত হওয়ার কথা।

গবেষক পল রিডকারের ধারণা, জিলটিভেকিমাব এমন একদল রোগীর ওপর পরীক্ষা করা হয়েছে, যাদের রোগ অনেক বেশি অগ্রসর হয়ে গিয়েছিল। ফলে প্রদাহ কমানোর চিকিৎসায় তাদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হতে পারে। তবে তার মতে, হৃদরোগের চিকিৎসায় প্রদাহকে লক্ষ্য করে গবেষণা চালিয়ে যাওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে।

গবেষণায় অংশ না নেওয়া ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) চিকিৎসক প্রিসিলা হসু বলেন, জিলটিভেকিমাবের পরীক্ষায় অংশ নেওয়া রোগীরা অত্যন্ত অসুস্থ ছিলেন। তাদের ক্ষেত্রে প্রদাহ ইতিমধ্যে বড় ধরনের ক্ষতি করে থাকতে পারে।

দুটি ওষুধের গবেষণায় একই ধরনের হতাশাজনক ফলের বিষয়ে ডোনাল্ড লয়েড-জোনস বলেন, ভিন্ন ধরনের ওষুধ ও চিকিৎসাপদ্ধতি ব্যবহার করে আরও গবেষণা চালানো প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

1

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

2

রংপুরে প্রশাসনের সমালোচনায় এমপি মাহবুবুর রহমান, ভিডিও ভাইরা

3

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

6

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

7

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

8

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

9

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

10

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

11

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

12

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

13

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

14

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

15

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

16

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

17

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

18

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

19

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

20