Deleted
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভোট পড়েছে ৭০ শতাংশ

সুইজারল্যান্ডে নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির ভোটাররা। প্রস্তাবটির বিরুদ্ধে ভোট পড়েছে ৭০ শতাংশ। রাশিয়া প্রকাশ্যে এই উদ্যোগকে সমর্থন করেছিল।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর সুইজারল্যান্ডের কয়েক শতাব্দীর পুরোনো জোটনিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। দেশটির ডানপন্থি সুইস পিপলস পার্টি (এসভিপি) প্রস্তাবটির পক্ষে থাকলেও ফেডারেল সরকার ও অন্যান্য প্রধান রাজনৈতিক দল এর বিরোধিতা করে।

গবেষণা প্রতিষ্ঠান জিএফএস.বার্নের সহপরিচালক লুকাস গোল্ডার সুইজারল্যান্ডের সরকারি সম্প্রচারমাধ্যম এসআরএফকে বলেন, ভোটাররা নিরপেক্ষতা থেকে সরে যাওয়ার পক্ষে ভোট দেননি। বরং ভোটের ফলাফল থেকে বোঝা যায়, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে সুইস জনগণের সমর্থন রয়েছে।

তিনি বলেন, ‘সুইজারল্যান্ডের নিরপেক্ষতা থেকে কী অর্জন করা উচিত, সে বিষয়ে মানুষের একটি পরিষ্কার ধারণা রয়েছে।’

সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস বলেন, ‘নিরপেক্ষতা সবসময় কিছুটা নমনীয়তার সঙ্গে প্রয়োগ করা হয়েছে।’

তিনি জানান, সংঘাতপূর্ণ দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা সুইজারল্যান্ডের নেই। এর মধ্যে ইউক্রেনও রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘নিরপেক্ষতার অর্থ উদাসীনতা নয়।’

ক্যাসিস আরও বলেন, ‘আন্তর্জাতিক যে নিয়মগুলো আমাদের শান্তিতে বসবাসের সুযোগ করে দেয়, সেগুলোর লঙ্ঘন দেখেও সুইজারল্যান্ড চোখ ফিরিয়ে নেবে না।’

ইউরোপে যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার সময় ১৮১৫ সালে ভিয়েনা কংগ্রেসে সুইজারল্যান্ডকে ‘চিরস্থায়ী নিরপেক্ষতা’ দেওয়ার মাধ্যমে দেশটির নিরপেক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। ১৯০৭ সালের হেগ কনভেনশনের মাধ্যমে এই নিরপেক্ষতার আইনি কাঠামো নির্ধারিত হয়। ওই চুক্তি অনুযায়ী, যুদ্ধে লিপ্ত দেশগুলোকে অস্ত্র সরবরাহ থেকে সুইজারল্যান্ডকে বিরত থাকতে হয়। এর আগে ইউক্রেনে পাঠানোর জন্য জার্মানি সুইজারল্যান্ডের কাছে ট্যাংকের গোলাবারুদ চাইলেও সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিল দেশটি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও সুইজারল্যান্ড নিরপেক্ষ ছিল। তবে ওই সময়ে নাৎসিদের লুট করা সোনা গ্রহণ এবং নাৎসি জার্মানির আগ্রাসন ঠেকানোর প্রচেষ্টায় হাজার হাজার ইহুদি শরণার্থীকে সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল। ১৯৯০-এর দশকে এসব নীতির জন্য সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে।

দেশটির রাজনৈতিক ব্যবস্থায় সরাসরি গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে বড় রাজনৈতিক সিদ্ধান্তের অনেকগুলোই গণভোটের মাধ্যমে ভোটারদের কাছে উপস্থাপন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

1

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

2

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

3

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

4

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

5

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

6

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

7

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

8

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

9

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

10

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

11

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

12

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

13

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

14

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

15

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

16

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

17

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

18

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

19

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

20