Deleted
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, নতুন সমীকরণের সম্ভাবনা

নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে রোববার নয়াদিল্লি পৌঁছেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রাজধানী নয়াদিল্লির বিমানবন্দরে তাকে ঐতিহ্যবাহী লোকনৃত্যের জমকালো আয়োজনে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রাসাদা তাকে স্বাগত জানান।

চলতি বছরের মার্চে দায়িত্ব গ্রহণের পর এটি শাহর প্রথম ভারত সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। দুই দিনের এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। বালেন্দ্র শাহর এই সফর দুই দেশের সম্পর্ক নতুন করে গড়ে তোলার সম্ভাবনা তৈরি করেছে।

নেপালের নতুন রাজনৈতিক প্রজন্মের নেতাদের সঙ্গে প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ভারতের নেতাদের এটিই প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ। র‍্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ৩৬ বছর বয়সী শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) গত মার্চে বিপুল বিজয়ের মাধ্যমে নেপালের ক্ষমতায় আসে। এর ছয় মাস আগে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি আন্দোলনে কে পি শর্মা ওলির সরকার ক্ষমতাচ্যুত হয়।

আলোচনায় অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, নতুন আকাশপথ চালু এবং আগস্টে নেপালে আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যার পর পুনর্গঠনে সহায়তার প্যাকেজসহ বিভিন্ন বিস্তৃত বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। ওই দুর্যোগে ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষ নিহত হন এবং এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন।

ভারত ও নেপালের মধ্যে ঘনিষ্ঠ জাতিগত, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে ১ হাজার ৭৫০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি সীমান্ত রয়েছে, যা মূলত উন্মুক্ত। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত নেপাল একটি কৌশলগত বাফার রাষ্ট্র। বিশ্লেষকরা মনে করেন, দেশটির স্থিতিশীলতার সঙ্গে ভারতের নিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে।

তবে কয়েক দশক ধরে সীমান্ত বিরোধ, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এবং দিল্লির প্রভাবশালী বড় ভাই সুলভ মনোভাব নিয়ে নেপালের অনেকের অসন্তোষের কারণে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। নেপালে ভারতের সাবেক রাষ্ট্রদূত রণজিৎ রায় বলেন, নেপালের নতুন নেতৃত্ব বলছে, অতীতের রাজনৈতিক বোঝা তাদের নেই এবং তারা উন্নয়ন, কূটনীতি ও অর্থনৈতিক অংশীদারত্বের দিকে মনোযোগ দিতে চায়। তিনি বলেন, তাদের আরও বাস্তববাদী এবং কম মতাদর্শ নির্ভর বলে মনে হচ্ছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এটি আশাবাদী হওয়ার মতো একটি মুহূর্ত।

২০০৮ সালে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত করে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে তিনটি রাজনৈতিক দল দেশটির শাসনব্যবস্থায় প্রাধান্য বিস্তার করেছে। দলগুলো হলো কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন-ইউএমএল), নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী সেন্টার)। দিল্লি এসব দলের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। মতাদর্শগত সম্পর্কের কারণে নেপালের কমিউনিস্ট দলগুলোকে ভারতের প্রতিদ্বন্দ্বী চীনের ঘনিষ্ঠ বলে মনে করা হতো এবং তারা প্রায়ই দিল্লির সমালোচনা করত।

নেপালের কৌশলগত অবস্থানের কারণে দিল্লি ও বেইজিং উভয়ই কাঠমান্ডুতে নিজেদের প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত। তবে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক কেবল কূটনীতি ও কৌশলগত স্বার্থের মধ্যে সীমাবদ্ধ নয়। হিন্দু সংখ্যাগরিষ্ঠ দুই দেশের মধ্যে গভীর সামাজিক সম্পর্ক রয়েছে এবং সীমান্তের দুই পাশে অনেক পরিবারের বসবাস।

দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৯০০ কোটি ডলারের বেশি, তবে তা ব্যাপকভাবে ভারতের অনুকূলে, যা দীর্ঘদিন ধরে কাঠমান্ডুর অসন্তোষের একটি কারণ। নেপালের পেট্রোলিয়ামজাত পণ্য ও বেশ কয়েকটি খাদ্যপণ্যের প্রধান সরবরাহকারীও ভারত। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে নেপালের বাণিজ্যের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট।

দুই দেশের সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র জলবিদ্যুৎ। নেপাল থেকে সর্বোচ্চ ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রকল্প অনুমোদন করেছে ভারত এবং ভবিষ্যতে এই আমদানি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রণজিৎ রায় বলেন, ভারতে বিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে এবং নেপালের পানিসম্পদ ও ভৌগোলিক অবস্থানের কারণে বিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। এটি শুধু দ্বিপাক্ষিক সহযোগিতা নয়, নেপাল ভারত হয়ে বাংলাদেশেও বিদ্যুৎ রপ্তানি করে।

২০১৫ সালের ভূমিকম্প এবং চলতি বছরের আগস্টের আকস্মিক বন্যাসহ বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে নেপালকে সহায়তা করা প্রথম দেশগুলোর মধ্যে প্রায়ই ভারত থাকে। তবে এ ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত ও নেপালের মধ্যে মতপার্থক্য রয়েছে। ২০১৯ সালে ভারতের প্রকাশিত একটি মানচিত্রে চীনের সীমান্তসংলগ্ন পশ্চিমাঞ্চলের এমন কিছু এলাকা ভারতের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়, যেগুলোর ওপর নেপালের দাবি রয়েছে। এতে নেপাল ক্ষুব্ধ হয় এবং পরবর্তীতে নিজস্ব মানচিত্র প্রকাশ করলে কূটনৈতিক বিরোধ আরও তীব্র হয়।

নেপালের অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক কনক মণি দীক্ষিত বিবিসিকে বলেন, আমি আশা করি, নেপালের প্রধানমন্ত্রী এবার দিল্লির সঙ্গে সীমান্ত ইস্যুটি উত্থাপন করবেন। তাৎক্ষণিকভাবে সমাধান না হলেও বিষয়টি নিষ্পত্তির জন্য আলোচনা শুরু করা উচিত।

নেপাল দীর্ঘদিন ধরে ভারতকে আরও কিছু আকাশপথে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে আসছে, যাতে বড় উড়োজাহাজগুলো পশ্চিম দিক থেকে লুম্বিনীর কাছে অবস্থিত ভৈরহাওয়া বিমানবন্দর এবং পোখারা বিমানবন্দরে আসতে পারে। ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি পেলে কম দূরত্বে ও কম খরচে ফ্লাইট পরিচালনা সম্ভব হবে এবং ফ্লাইটের সংখ্যা বাড়লে বিমানবন্দরগুলো বাণিজ্যিকভাবে লাভজনক হয়ে উঠবে।

নেপালের কেউ কেউ মনে করেন, চীনের সহায়তায় গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দর ও পোখারা বিমানবন্দর নির্মাণ নিয়ে দিল্লি উদ্বিগ্ন। শাহ এখনো বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো দৃশ্যমান উদ্যোগ নেননি। তবে ভারত সফরের আগে ১৫ই নভেম্বর থেকে ১১ দিনের সফরে চীনে ২০ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল পাঠিয়েছেন তিনি, যা দুই শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

শাহ ক্ষমতা গ্রহণের প্রথম বছরে বিদেশ সফর না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যা তার সেই পরিকল্পনা বদলে দিয়েছে। তার সরকারের হিসাব অনুযায়ী, পুনর্গঠনে প্রায় ৫০০ কোটি ডলার ব্যয় হবে, তবে এ পর্যন্ত আন্তর্জাতিক সহায়তার প্রতিশ্রুতি প্রত্যাশার তুলনায় কম। নেপালের কিছু পর্যবেক্ষক মনে করেন, ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এই সফরের প্রস্তুতি নিতে শাহ যথেষ্ট মনোযোগ দেননি।

কনক মণি দীক্ষিত বলেন, প্রধানমন্ত্রী শাহ ও তার উপদেষ্টারা তরুণ এবং নতুন, তাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। শাসন পরিচালনায় তারা বারবার এমন এক ধরনের গাম্ভীর্য ও বিচক্ষণতার অভাব দেখিয়েছেন, যা অত্যন্ত শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে কূটনীতির জন্য অপরিহার্য।

প্রধানমন্ত্রী শাহ ইতোমধ্যে তার সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছেন, যার মধ্যে রয়েছে পুলিশপ্রধান দান বাহাদুরকে পদ থেকে সরিয়ে দেওয়া। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানানোয় তাকে সরানো হয়। এছাড়া কিছু সংবাদমাধ্যমের কার্যালয়ে সাংবাদিকদের আটক করতে পুলিশ পাঠানো হয়েছিল, যা সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অভিযোগ তুলেছে।

ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষা থাকলেও শাহর জন্য প্রকৃত পরীক্ষা হবে দেশে ফিরে আসার সময় কতটা ফল তিনি নিয়ে আসেন। দিল্লির কাছ থেকে আর্থিক সহায়তার বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করতে পারলে তা কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হবে এবং দেশে তার সরকারের বিরুদ্ধে বাড়তে থাকা সমালোচনার চাপও কমাতে সাহায্য করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

1

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

2

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

3

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

7

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

8

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

12

জন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপি নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ

13

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

14

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

15

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

16

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

17

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

18

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

19

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

20