গত এক যুগে বাংলাদেশ ফুটবল দলের সবচেয়ে নিয়মিত মুখ জামাল ভূইয়া। ছয় বছর ধরে তিনি জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। বয়স ও ফিটনেস বিবেচনায় এখন নিয়মিত একাদশে তার জায়গা হয় না।
২০১৩ সালে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে অভিষেক হয় জামালের। এরই মধ্যে ছয়টি সাফ খেলেছেন তিনি। এবারের সাফেও বাংলাদেশ শিরোপার স্বপ্ন দেখেছিল। কিন্তু সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে।
এবারের সাফ নিয়ে জামাল বলেন, "এবারের সাফেই আমাদের সবচেয়ে ভালো সম্ভাবনা ছিল। এবার স্কোয়াড সবচেয়ে বেশি স্ট্রং ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা এবার পাকিস্তানের বিপক্ষে হেরে বিদায় নিলাম। দীর্ঘদিন ধরে খেলায় আমার অত্যন্ত খারাপ লাগছে এই বিদায়ে, শুধু আমি নই প্রত্যেক খেলোয়াড়-সমর্থকেরই অনেক মন খারাপ হয়েছে।"
পাঁচ মাস আগে মালদ্বীপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সারির দল ড্র করেছিল। কিন্তু সাফে পূর্ণ শক্তির দল হেরে গেল। এ প্রসঙ্গে জামাল বলেন, "হ্যাঁ, পাকিস্তান দল অনেকটা একই ছিল। হয়তো ট্যাকটিক্যাল কোনো পার্থক্য ছিল।"
শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলা বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে কেন খেলতে পারল না, জানতে চাইলে জামাল বলেন, "প্রত্যেক দল আলাদা। প্রতিপক্ষের শক্তিমত্তা, কৌশলের ওপরও অনেক কিছু নির্ভর করে। পাকিস্তানের বিপক্ষে আমাদের বল পজিশন ভালো ছিল। কিন্তু ফুটবলে শুধু বল পজিশন দিয়েই তো হয় না। নিজেদের হাফে আপনি বল পজিশন রেখে লাভ কী, যদি চান্স ক্রিয়েট করতে না পারেন। পাকিস্তান ম্যাচে দেখেন আমরা কয়টি চান্স ক্রিয়েট করেছি। রাকিবের শট পোস্টে লেগেছে সেটাও কিন্তু কর্নার থেকে। পাকিস্তান আমাদের ভালো রিড করছে, তারা বুঝতে পারছে আমাদের কোনটা বন্ধ করতে হবে, তাদের কী করতে হবে।"
শ্রীলঙ্কা ম্যাচের আগেই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল। এরপরও হামজা-সামিতকে পুরো ম্যাচ খেলানো নিয়ে কোচের সমালোচনা হয়েছে। এ বিষয়ে জামালের মত, "দুই দিন পর আরেকটি খেলা। আমরা একাধিক গোলে এগিয়ে ছিলাম। একজন খেলোয়াড় ১০-১২ কিলোমিটার রান করে। দুই দিন পরই আবার খেলায় সেম এনার্জি থাকবে না। হামজা-সামিতের বিষয় না, এখানে অন্য খেলোয়াড়দের বিষয়টিও গুরুত্ব দেয়া উচিত ছিল। রাকিব একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলছে কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেম এনার্জি ছিল না। এগুলো হিসাবের বিষয়, ছোট ছোট কিছু বিষয় ছিল, যেগুলো খুব লেট রিয়ালাইজ হয়েছে।"
পাকিস্তান ম্যাচে জামাল দীর্ঘক্ষণ ওয়ার্ম আপ করছিলেন, কিন্তু মাঠে নামেন ইনজুরি সময়ে, খেলার মাত্র দুই মিনিট বাকি থাকতে। এত দেরিতে নামার কারণ জানতে চাইলে তিনি বলেন, "কোচ আমাকে, ফাহিম ও ফাহমিদুলকে ওয়ার্ম আপ করে প্রস্তুত হতে বলেছিলেন। আমরা রেডি ছিলাম। আমাদের ৮৬ মিনিটেই নামার কথা। সাত মিনিট ওয়েট করতে হয়েছে কিন্তু কেন এত বিলম্ব হলো বুঝলাম না। ৯০ মিনিটের খেলা, চার মিনিট ইনজুরি সময়। সেখানে দুই মিনিট আগে নেমে আর কী হয়। আরো আগেই নামা উচিত ছিল, বিশেষ করে গোল কনসিড করার পরপরই রিঅ্যাকশন হওয়া উচিত ছিল। আমাদের এতক্ষণ অপেক্ষা করাটা দুর্ভাগ্যজনক!"
প্রতিপক্ষ নিয়ে ভিডিও সেশন ও বিশ্লেষণ খুব বেশি গুরুত্ব দেন না কোচ, এমন অভিযোগের সত্যতা কতটুকু, জানতে চাইলে জামাল বলেন, "প্রতিপক্ষ নিয়ে কাজ হয় তবে সলিউশন সেভাবে দেখি না। পাকিস্তান পাঁচ জন ডিফেন্ডার নিয়ে খেলেছে। এর বিপরীতে আমাদের অ্যাকশন-রিঅ্যাকশন কী হবে। আমরা পাকিস্তানকে ব্রেকডাউন করতে পারিনি। ১৫০ মিনিট খেলা হলেও হয়তো গোল হতো না।"
সাফ ব্যর্থতায় হেড কোচ ডুলিকে নিয়ে প্রশ্ন উঠছে। তার মূল্যায়ন জানতে চাইলে জামাল বলেন, "সে তার সাধ্যমতো চেষ্টা করছে। কোনো কোচই হারতে চান না।"
ডুলি অনুশীলনে সেভাবে কাজ করেন না, ওয়ার্ম আপ ছাড়াই অনুশীলন করান—এমন অভিযোগ প্রসঙ্গে জামাল বলেন, "একেক কোচের একেক স্টাইল এটা মানতে হবে। আমরা একদিন প্র্যাকটিস (ওয়ার্ম) আপ করি নাই, একজনের ইনজুরি হয়েছে।"
টুর্নামেন্ট থেকে বিদায়ের পর জামাল বলেছিলেন, ‘ম্যানেজম্যান্টেরও শেখার আছে।’ জামাল ও মোরসালিনের কিছু মন্তব্যে কোচ মনে করছেন, তারা যথেষ্ট সুযোগ না পাওয়ায় রাগান্বিত হয়ে বলছেন। এ বিষয়ে জামাল বলেন, "ফোকাস থাকতে হবে খেলা নিয়ে। চান্স ক্রিয়েট করতে পারি নাই সেভাবে। আমরা কয়টা চান্স ক্রিয়েট করছি? সব ফুটবলারই খেলতে চায়, এটা ফুটবলারদের ধরনই। এটা রাগ নয়, খেলার তাড়না। শেখার বিষয়টি আমি কোচকে উদ্দেশ্য করে বলিনি।"
বিশ্বকাপ ফুটবলে অধিনায়কত্ব করেছেন ডুলি। কোচ হিসেবেও ফিলিপাইন ও গায়ানায় ভালো করেছিলেন। এমন কোচ আসার পর প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু সাফ ব্যর্থতায় তা পূরণ হয়নি। জামালের ভাষায়, "উনার অনেক অভিজ্ঞতা আছে নিঃসন্দেহে। উনি চেষ্টা করছেন কিন্তু খেলোয়াড় ও কোচ হিসেবে রোল তো আলাদা।"
বাংলাদেশের হয়ে খেলা শুরুর পর এত বিদেশি কোচিং স্টাফ কখনো দেখেছেন কি না এবং হেড কোচের ঘাটতি কোথায়—জানতে চাইলে জামাল বলেন, "একেকজন একেকভাবে বিশ্লেষণ করতে পারে। এই ব্যপারে আমার কোনো মন্তব্য নেই। আমার মতে, এই দলের পটেনশিয়ালিটি অনেক। তাকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে।"
২০১৩ সালে ডাচ কোচ ক্রুইফ থেকে বর্তমানে থমাস ডুলি—এক যুগে অনেক কোচ দেখেছেন জামাল। তার মতে সেরা কোচ কে? জবাবে তিনি বলেন, "জেমি ডে, ক্রইফ, অস্কার। তাদের আমার কাছে বেশি ভালো লেগেছে।"
অস্কার মূলত বসুন্ধরা কিংসের কোচ ছিলেন। জেমি ডে বিদায়ের পর মাত্র কয়েক সপ্তাহ জাতীয় দলের কোচের দায়িত্ব নেন সাফের জন্য। অল্প সময়ে অস্কারে ভালো লাগার কারণ এবং দীর্ঘদিন দায়িত্বে থাকা ক্যাবরেরা কেমন ছিলেন—জানতে চাইলে জামাল বলেন, "ক্যাবরেরাও ভালো ছিল কিন্তু আমার চয়েসে অস্কার সবার উপরে থাকবে। কারণ তার ট্যাকটিক্যাল কাজ সর্বোচ্চ মানের লেগেছে আমার কাছে। অন্য কারো কাছে হয়তো আরেকজন এগিয়ে থাকতে পারে।"
জামাল শততম ম্যাচের দোরগোড়ায়। বর্তমান কোচ ডুলির সঙ্গে তার দূরত্ব স্পষ্ট। বাফুফে যদি ডুলিকেই কোচ রাখে এবং তিনি জামালকে দলে না রাখেন, তাহলে শততম ম্যাচ খেলা শঙ্কায় পড়বে। এ প্রসঙ্গে জামাল বলেন, "আমি বাংলাদেশের জার্সিতে ১০০তম ম্যাচ খেলতে চাই। এটা আমার ও বাংলাদেশের ফুটবলের জন্য মাইলফলক হবে।"
টুর্নামেন্ট বা আন্তর্জাতিক ম্যাচের আগে জামাল সংবাদ সম্মেলনে আসেন। সাফের মতো টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে তার পরিবর্তে তপু এসেছিলেন। বিষয়টি তাকে কীভাবে জানানো হয়েছিল, জানতে চাইলে জামাল বলেন, "১১টা ৪০ মিনিটে মহসীন (টিম অ্যাটেনডেন্ট ও ড্রাইভার) আমাকে মেসেজ দিয়েছিল। সোয়া বারোটায় হোটেল থেকে গাড়ি ছাড়বে। আমাকে আগে কোচ কিংবা কেউ জানায়নি। সকালে নাস্তা করেছি ও লাঞ্চ ছিল দুপুর একটায়। মাঝে কোনো শিডিউল নেই। তাই আমি একটু ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম মেসেজ। তখন অন্য খেলোয়াড়রা বলল কোচ তপুকে নিয়ে গেছে। আমাকে কোচ কিংবা টিম ম্যানেজম্যান্ট থেকে কিছু বলা হয়নি।"