Deleted
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে অক্টোবরে রেকর্ড ৩৭ জাহাজে হামলা

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে গত অক্টোবর মাসে রেকর্ড সংখ্যক বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজ হামলার শিকার হয়েছে। মার্কিন থিঙ্কট্যাংক দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট অব নেয়ার ইস্ট পলিসি (ডব্লিউআইএনইপি) জানিয়েছে, অক্টোবরের শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রণালিতে মোট ৩৭টি বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজে হামলা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি এই তথ্য দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের সূত্রপাত গত ২৮ ফেব্রুয়ারি। সংঘাতের প্রথম দিনই বিদেশি জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এরপর থেকে আইআরজিসির অনুমোদন না নিয়ে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করা বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজগুলোর একটি উল্লেখযোগ্য অংশ হামলার শিকার হয়েছে।

গত মার্চ থেকেই হরমুজে ‘বিনা অনুমতিতে’ চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে আইআরজিসি। তবে অক্টোবরের আগে কোনো এক মাসে হরমুজে ৩০টির বেশি জাহাজ হামলার শিকার হওয়ার নজির নেই।

এই হামলাগুলো পরিবেশগত উদ্বেগও তৈরি করেছে, কারণ ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ছে আশপাশের জলরাশিতে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, তেল ওমানের উপকূলে পৌঁছেছে। এছাড়া উপগ্রহ চিত্রে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছেও তেল ছড়িয়ে পড়ার দৃশ্য ধরা পড়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স ওমান সরকারের সঙ্গে যোগাযোগ করলেও তারা সাড়া দেয়নি।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযোগকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথগুলোর মধ্যে একটি। বিশ্বের মোট জ্বালানি পণ্যের এক পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় জ্বালানি পণ্যের বৈশ্বিক বাজারে গুরুতর প্রভাব পড়েছে। বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজে নিয়মিত হামলা এবং হরমুজ দিয়ে জ্বালানি পণ্যের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় প্রায় প্রতিদিনই তেল ও গ্যাসের দাম বাড়ছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং রয়টার্সের যাচাই করা ভিডিওতে দেখা যায়, সিঙ্গাপুরের পতাকাবাহী ‘ন্যাভিগ ৮ মেসি’ নামের একটি মাঝারি আকারের পরিশোধিত জ্বালানি বহনকারী ট্যাংকারে আগুন জ্বলছে। হরমুজ প্রণালির ওমানের উপকূলের কাছে হামলার শিকার হয়েছে ট্যাংকারটি। একই দিনে ইউরোপীয় ইউনিয়নের ‘কোপার্নিকাস সেন্টিনেল-২’ উপগ্রহের তোলা ছবিতে ওই এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, প্রণালির ‘অননুমোদিত পথ’ ব্যবহারের কারণে রোববার ন্যাভিগ ৮ মেসিসহ মোট তিনটি ট্যাংকার জাহাজে হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে সমুদ্রপথে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। জাতিসংঘের অঙ্গসংগঠন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) জানিয়েছে, ১০ নভেম্বর পর্যন্ত এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ১৩৩টি নিশ্চিত হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে এসব হামলায় মোট ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন। পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসতে অক্ষম জাহাজগুলোতে থাকা নাবিকসহ হাজার হাজার ক্রু সদস্য এখনো ঝুঁকির মধ্যে রয়েছেন।

‘ন্যাভিগ ৮’ জাহাজটি পরিচালনা এবং এর মালিকানার বড় অংশ ‘অ্যাডনক লজিস্টিকস অ্যান্ড সার্ভিসেস’-এর হাতে রয়েছে। হামলার পর রয়টার্স মন্তব্য জানতে চাইলে তারা কোনো সাড়া দেয়নি। ‘অ্যাডনক’-এর পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে মার্কিন বাহিনী ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ বজায় রেখেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সর্বশেষ ঘটনায় শনিবার একটি ইরানি বন্দর থেকে বেরিয়ে আঞ্চলিক জলসীমা ত্যাগ করার চেষ্টাকালে সেন্ট কিটসের পতাকাবাহী একটি কার্গো জাহাজে মার্কিন সামরিক বিমান থেকে গুলি চালানো হয়, এতে জাহাজটি অকেজো হয়ে পড়ে।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

1

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

2

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

3

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

4

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

5

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

6

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

7

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

8

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

9

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

10

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

11

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

12

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

13

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

14

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

15

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

16

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

19

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

20